আমার সংবাদঃ মুজিব পরদেশী, গানের সাথেই যার নিত্যবসবাস। মাঝে বেশকিছু সময় দেশের বাইরে থাকলেও বর্তমানে তিনি দেশেই নিয়মিত অবস্থান করছেন। যে কারণে এখন দেশেই স্টেজ শো’সহ নানান কাজ নিয়ে বেশ ব্যস্ত সময় পার করছেন গুনী এই সঙ্গীতশিল্পী। চারবছর পর নিজের নতুন একক অ্যালবামের কাজ নিয়ে ব্যস্ত আছেন তিনি। নতুন একক অ্যালবামে মোট দশটি গান থাকবে। দশটি গানের কথা, সুর এবং সঙ্গীতায়োজন তিনি নিজেই করবেন। আগামী সপ্তাহ থেকে গান রেকর্ডিং-এর কাজ শুরু করবেন বলে নিশ্চিত করেছেন মুজিব পরদেশী।
এদিকে দীর্ঘ প্রায় তিন দশক পর কোনো চলচ্চিত্রে অভিনয় করেছেন তিনি। মোস্তফা সরয়ার ফারুকী নির্দেশিত চলচ্চিত্র ‘ডুব’-এ তিনি একটি বিশেষ চরিত্রে অভিনয় করেছেন। তাই চলচ্চিত্রটি মুক্তির অধীর আগ্রহে অপেক্ষা করছেন তিনি। নিজের নতুন একক অ্যালবাম এবং চলচ্চিত্রে অভিনয় প্রসঙ্গে মুজিব পরদেশী বলেন,‘ নতুন একক অ্যালবামে আধুনিক ফোক ঘরানার গান থাকবে যা সবশ্রেণীর শ্রোতাদের ভালোলাগার কথা বিবেচনা করেই আমি তৈরি করছি। আর বিশেষভাবে বলতে চাই পরিচালক মোস্তফা সরয়ার ফারুকীর কথা, বলা যায় সঙ্গীতজগতে তিনি আমাকে পুনর্জ্জীবিত করেছেন। কারণ আমিতো প্রায় হারিয়েই গিয়েছিলাম। কিন্তু তিনি আমাকে মূল্যায়ন করে আবারো কাজের ভুবনে ফিরিয়ে এনেছেন। তাই তার প্রতি আমি আন্তরিকভাবে কৃতজ্ঞ। ’
মুন্সীগঞ্জ জেলার টঙ্গীবাড়ি উপজেলার বেতকা গ্রামে জন্ম মুজিব পরদেশীর। গানে তিনি বিভিন্ন সময়ে তালিম নিয়েছেন ওস্তাদ গোলাম হায়দার আলী খান, ওস্তাদ কোরইশী, ওস্তাদ ফজলুল হক ও ওস্তাদ আমানউল্লাহর কাছে। তবে গায়ক হিসেবে পরিচিত হবার আগে তিনি ছিলেন একজন তবলাবাদক। রেডিওতে একজন তবলা বাদক হিসেবেই তার পেশাগত জীবন শুরু হয়।



No comments: