আমার সংবাদঃরাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) চলতি শিক্ষাবর্ষের প্রথম বর্ষের ওরিয়েন্টশন সভা আজ শুক্রবার সকালে অনুষ্ঠিত হয়েছে। আগামীকাল শনিবার থেকে ক্লাস শুরু হবে। ভর্তিকৃত কোনো শিক্ষার্থী টানা ১০ শিক্ষা দিবস অনুপস্থিত থাকলে তার ছাত্রত্ব বাতিল হবে।
রুয়েটের জনসংযোগ দফতর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ক্লাস রুটিন অনুযায়ী ১৪টি বিভাগে ক্লাস শুরু হবে। প্রথম বর্ষে ভর্তিকৃত নবাগত শিক্ষার্থীদের নিজ দায়িত্বে আবাসন ব্যবস্থা করার নির্দেশনা দেয়া হয়েছে।
এদিকে শুক্রবার সকালে রুয়েটের কেন্দ্রীয় অডিটেরিয়ামে অনুষ্ঠিত ওরিয়েন্টশনে প্রধান অতিথি ছিলেন ভিসি অধ্যাপক মোহা. রফিকুল আলম বেগ। ছাত্রকল্যাণ পরিচালক অধ্যাপক ড. এনএইচএম কামরুজ্জামান সরকারের সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য দেন ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. মোশাররাফ হোসেন, পুরকৌশল অনুষদের ডীন অধ্যাপক ড. মোহা. আবদুস সোবহান, যন্ত্রকৌশল অনুষদের ডীন ও রুয়েট শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. নীরেন্দ্র নাথ মুস্তাফি প্রমূখ।
অনুষ্ঠানে নবীনদের রুয়েটে স্বাগত জানিয়ে বক্তারা বলেন, শিক্ষা ও গবেষণার মানোন্নয়নের মাধ্যমে রুয়েটকে দেশের মডেল বিশ্ববিদ্যালয়ে পরিণত করতে পরিকল্পনা অনুযায়ী কাজ করা হচ্ছে। এখানে যুগোপোযোগি নতুন নতুন বিভাগ চালু করা হচ্ছে। চলতি শিক্ষাবর্ষেও দু’টি নতুন বিভাগে চালু করা হয়েছে। সরকারের সার্বিক সহযোগিতায় অবকাঠামো উন্নয়নও বেগবান হয়েছে। দ্রুত রুয়েট সেশনজটমুক্ত একটি আদর্শ বিশ্ববিদ্যালয়ে পরিগণিত হবে।
অনুষ্ঠানের শুরুতে নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেয়া হয়। চলতি শিক্ষাবর্ষে রুয়েটের ১৪টি বিভাগে মোট ৮৭৫জন শিক্ষার্থী ভর্তি হয়েছে। পাঁচ দফা মেধা তালিকা দিয়েও ২২৮টি আসন শূণ্য থাকায় ফেল করা প্রার্থী দিয়ে তা পূরণ করা হয়েছে। ফলে বাধ্য হয়ে ভর্তি সময়সীমা বৃদ্ধি করায় ১৪ জানুয়ারি পরিবর্তে ২৮ জানুয়ারি ক্লাস শুরুর ঘোষণা দেয় কর্তৃপক্ষ।


No comments: